নিয়মিত কিছু অভ্যাস, খাওয়াদাওয়ায় অনিয়ম, কর্মব্যস্ততার কারণে দিন দিন বেড়ে চলেছে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা। বেশির ভাগ ক্ষেত্রেই নিজেদের কিছু ভুলের কারণেই শরীরে বাসা বাঁধে লিভারের অসুখ।
সাধারণত রক্ত থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে লিভার। তাই লিভার সচল রাখতে কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে কয়েক ধরনের খাবার ক্ষতি করতে পারে এই লিভারের। তাই জেনে রাখা ভালো লিভার সুস্থ রাখতে কি কি খাবার এড়িয়ে চলতে হবে।
১) কেক, পেস্ট্রি, কুকিজের মতো বেক করা খাবার লিভারের স্বাস্থ্যের জন্য খুব একটা ভাল নয়। সকালের নাস্তায় অনেকেই পাউরুটির সাথে মাখন খান। চিকিৎসকদের মতে, এই ধরনের খাবারে ট্রান্স ফ্যাট থাকে যা নিয়মিত লিভারে গেলে ক্ষতি হতে পারে। তাই এসব ধরনের খাবার নিয়মিত না খেয়ে মাঝে মাঝে পরিমিত পরিমাণে খাওয়া ভালো।
২) বাইরের ভাজাভুজি, তেল-মশলাদার, চপ-কাটলেটের মতো খাবারেও ভরপুর ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার পেটে গেলেই ফ্যাটি লিভার-সহ আরও নানা ধরনের লিভারের রোগ বাসা বাঁধে শরীরে।
৩) নিয়মিত মদ্যপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। লিভার সুস্থ রাখতে তাই মদ্যপান এড়িয়ে চলা একান্তই জরুরি। তবে সোডাযুক্ত পানীয়, নরম পানীয়ও কিন্তু লিভারের অসুখ ডেকে আনে। যাঁরা মদ্যপান করেন না, তাঁরা এই সব পানীয়তে চুমুক দেন। এতেও কিন্তু ক্ষতি হচ্ছে লিভারের।
৪) মাত্রাতিরিক্ত হারে চিনি খাওয়ার অভ্যাসও লিভারের ক্ষতি করতে পারে। সরাসরি চিনি খাওয়া তো ক্ষতিকর বটেই। এ ছাড়াও চিনি আছে এমন কোনও খাবার, যেমন, মিষ্টি, ক্যান্ডি, চকোলেট নিয়মিত খেলে পরবর্তী কালে লিভারের সমস্যা দেখা দিতে পারে।
৫) ময়দার রুটি, লুচি, পরোটা কিংবা রোল, চাউমিন— এই সব খেতে কমবেশি সবাই ভালবাসেন। কিন্তু লিভারের জন্য এগুলি মোটেও ভাল নয়। ময়দার তৈরি কোনও খাবার বেশি খাওয়া ভাল নয়। ময়দা দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবারও লিভারের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। তাই ময়দার তৈরি খাবার বেশি এবং রোজ না খাওয়াই ভাল।

