কোন মন্ত্রীর কী দায়িত্ব তা মন্ত্রীরা জানেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) কাজী ফিরোজ রশীদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থপাচারের জবাবদিহি কে করবে- সংসদে এমন প্রশ্ন তুলে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘মন্ত্রী এখানে (সংসদ) থাকেন না। কোন মন্ত্রীর কী দায়িত্ব, সেটাও তিনি জানেন না। কে কী কাজ করেন, তার কোনো জবাবদিহিও নেই। ব্যাংকের যেমন জবাবদিহি নেই, মন্ত্রীদেরও জবাবদিহি নেই।’
এ সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যাংকের লাইসেন্স দেন। সেটা কীভাবে চলবে, তা ঠিক করবে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ। তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে।’ কেন জনগণের টাকা লুটপাট হচ্ছে, কে এসবের জন্য দায়ী, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।
সংবাদমাধমের বরাত দিয়ে সংসদে কাজী ফিরোজ রশীদ অভিযোগ করেন, ‘সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ১ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন। তিনি পাচার করা অর্থে যুক্তরাষ্ট্রে ব্যবসা-প্রতিষ্ঠান ও একাধিক বাড়ি কিনে বসবাস করছেন। তিনি একা এই কাজ করেননি। বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত প্রত্যেক ব্যাংকে অডিট করে। ১ হাজার কোটি টাকা তো এক দিনে নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কী করল?’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করে জাপার এ এমপি বলেন, ‘এটা (অর্থপাচার) নিয়ে আমরা কথা বলতে পারব না। এখানে অর্থমন্ত্রী কখনো থাকেন না। উনি কোনো কথাই শুনতে চান না।’

