ইয়েমেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু

 

ইয়েমেনের রাজধানী সানায় আর্থিক অনুদান নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার মধ্যরাতে ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে আর্থিক সহায়তা দেওয়ার এক অনুষ্ঠানে আতঙ্কিত মানুষের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অনেকে আহত হন। রোজার শেষ এবং ঈদ উপলক্ষে এই সহায়তা প্রদান করা হচ্ছিল বলে জানা যায়।

হুথি-নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দেন।

মোতাহের আর-মারৌনি নামে একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মৃত্যুর সংখ্যাটি নির্দিষ্ট করেন। তিনি বলেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী আব্দেল রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র হুথি নিরাপত্তাকর্মীরা ওপরের দিকে গুলি ছোড়ে। এ সময় তাদের কারো গুলি গিয়ে বৈদ্যুতিক তারে আঘাত হানে এবং বিস্ফোরণ ঘটে। এতে ওখানে সহায়তার জন্য অপেক্ষমাণদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অসংখ্য মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া কিছু মানুষকে চিৎকার করতে দেখা যায়। সংবাদসূত্র : আল জাজরিরা, সিএনএন, ডয়চে ভেলে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.