রাজধানীর আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পালিয়ে যাওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় সোহেলের স্ত্রী শিখাকে আশ্রয়দাতাকেও গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিসিটিসির প্রধান মো. আসাদুজ্জামান জানান, সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ওই নারীকে আটক করেছে। অভিযানে ওই নারীকে ‘আশ্রয়’ দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। যদিও ওই ব্যক্তির নাম জানা যায়নি।
উল্লেখ্য, ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আনসার আল ইসলাম সদস্য মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
কর্মকর্তারা জানান, শিখা জঙ্গি ছিনতাইয়ের ঘটনার অন্যতম প্রধান সমন্বয়কারী। ঘটনার দিন তিনি সন্তানকে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন।
পালিয়ে যাওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি জঙ্গিদের আস্তানা ‘আনসার হাউসে’ আশ্রয় নেন। শিখা তার স্বামীর সঙ্গে সেখানে এক-দুবার দেখা করেছিলেন বলেও পুলিশ জানায়।

