আগামী ৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিনে ওই দিন দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।
শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।
বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে বলেন, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ আরও কিছু দাবিতে ৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করা হবে। আমরা ইতোমধ্যে সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছি।
২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলেভেনের সরকার গ্রেফতার করেছিল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই থেকে এদিনকে কারাবন্দি দিবস হিসেবে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

