যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় জুয়েল রানা নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ভাঙা ব্রিজ এলাকায় দ্রুতগামী আসিয়ান সিটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি আবুরহাট গ্রামের মো. মমিনুল হকের সন্তান। তারা তিন ভাই ও এক বোন।

নিহত ওমর ফারুকের মামা জামশেদ আলম বলেন, ‘আমার বাসায় থেকে ফারুক পড়াশোনা করতো। আজ সকালে দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কাজলা ভাঙা ব্রিজ এলাকায় দ্রুতগামী আসিয়ান সিটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই রাস্তায় ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে ফারুককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুয়েল চিকিৎসাধীন রয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেক শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.