সিপিএমের শাখা সংগঠনের হোর্ডিংয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি ঘিরে জমে উঠেছে বিতর্ক। বিজেপি এতে ‘দেশদ্রোহিতা’-র ছায়া দেখছে। আর কংগ্রেস দেখছে দেশের থেকে বিদেশের প্রতি কমিউনিস্টদের ‘চিরকালীন প্রীতির ট্র্যাডিশন’। সিপিএমের অভিযুক্ত নারী সংগঠন অবশ্য দুই সমালোচনাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিল। দিল নিজেদের ব্যাখ্যাও।
কেরলের তিরুঅনন্তপুরমে চলছে সিপিএমের নারী সংগঠন ‘সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি’-র জাতীয় সম্মেলন। সম্মেলন উপলক্ষে তুলে ধরা হয়েছে দেশবিদেশের বহু কৃতি নারী এবং তাঁদের সাফল্য ও কর্মকাণ্ডকে। সম্মেলনের তেমনই একটি হোর্ডিংয়ে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো। সেই হোর্ডিং নিয়েই দানা বেঁধেছে বিতর্ক।
শুক্রবার থেকে শুরু হয়েছে চার দিন ব্যাপী এই সম্মেলন। সম্মেলন শুরুর আগেই, গত বৃহস্পতিবার ছবিটি সামনে এনে আক্রমণ শানিয়েছে বিজেপি। ছবিটি টুইট করে কেরল বিজেপির মুখপাত্র সন্দীপ বাচস্পতি লিখেছেন, ‘‘এটা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি, যিনি ভারতের বিরুদ্ধে ১,০০০ বছরের যুদ্ধের ঘোষণা করেছিলেন, বর্তমানে সিপিএমের মহিলা সংগঠনের জাতীয় সম্মেলেন এই ধরনের হোর্ডিং দেখা যাচ্ছে। বিশ্বাসঘাতক ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক থাকুন।’’
টুইটটি তিনি সিপিএমের কেরল শাখাকে ট্যাগ করে দিয়েছেন। যে হোর্ডিংয়ে বেনজিরের ছবি ব্যবহার করা হয়েছে, তাতে লেখা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। তাঁকে যে জীবিতকালে হাভার্ড বিশ্ববিদ্যালয়-সহ পৃথিবীর ৯টি বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট প্রদান করেছিল, তারও উল্লেখ করা হয়েছে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

