নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টায় সদর উপজেলার চিনিশপুর এলাকায় খোকনের বাড়িতে এ হামলা চালানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে পদবঞ্জিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। রাত ৯ টার দিকে চিনিশপুরের তিতাস গ্যাস অফিসের সামনে ২০ থেকে ২৫ জনের একটি দল ছাত্রদলের এই কমিটি মানি না স্লোগান দিয়ে মশালসহ খোকনের বাড়ির দিকে এগুতো থাকে। এ সময় তাদের কাছে লাঠি ও চাপাতি ছিলো। তারা মিছিল নিয়ে এসে বাড়ির প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এই সময় ভিতরের ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে। তারা ভবনের জানালার কাঁচ ভেঙে ভেতরে মশাল নিক্ষেপ করলে ভেতরে থাকা চেয়ারসহ আসবাবপত্রে আগুন লেগে যায়। পরে তারা মিছিল নিয়ে জেলখানার দিকে চলে যায়।

বাড়ির কেয়ারটেকার কাজল বলেন, আমি ভবনের ভিতরে ছিলাম। হঠাৎ একটি মিছিলের শব্দ শুনতে পেলাম। তারা গেট ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী বলেন, আজকে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় পদবঞ্জিতদের মাঝে কিছুটা উত্তেজনা ছিলো। কিন্তু এঘটনার সাথে তারা জড়িত কিনা বলতে পারছি না। বাড়ির সিসি ক্যামেরা দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, কে বা কারা মশাল মিছিল নিয়ে গিয়ে বাসভবনের নিচতলায় অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.