ইস্তফা দিচ্ছেন নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জাসিন্ডা নিজেই সে কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর পর ক্ষমতাসীন নিউ জ়িল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচন হবে।
জাসিন্ডা সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অনেক হয়েছে, এ বার আমি দায়িত্ব ছেড়ে দেব।’’ প্রধানমন্ত্রী পদে থাকতে তাঁর অনীহার কারণ জানতে চাওয়া হলে জাসিন্ডা বলেন, ‘‘এমন একটি বিশেষ পদের সঙ্গে গুরুদায়িত্বও আসে। কখন নেতৃত্ব দেওয়ার জন্য আপনি সঠিক ব্যক্তি আর কখন নন, তা বোঝার দায়িত্বও আপনারই।’’

