কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আর্জেন্টিনার গোলরক্ষক এই বিশ্বকাপে সোনার গ্লাভস জিতেছেন। কিন্তু সেই পুরস্কার নিতে গিয়ে মঞ্চেই ‘অশ্লীল’ আচরণ করেন মার্তিনেস। আর্জেন্টিনার গোলরক্ষক যদিও সেই আচরণকে অশ্লীল মনে করছেন না।
হাতে সোনার গ্লাভস নিয়ে তা নিজের যৌনাঙ্গের সামনে ধরেন মার্তিনেস। সেই ভঙ্গির কারণ হিসাবে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেস বলেন, “ফরাসি ফুটবলাররা আমাকে কটূক্তি করছিল। সেই কারণেই ওদের জবাব দিয়েছিলাম। আমি ভাবমূর্তি নিয়ে ভাবি না।” মার্তিনেসের আচরণ তাঁকে কোনও শাস্তির মুখে ফেলবে কি না সেটা এখনও স্পষ্ট নয়।
রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে সমান সমান ছিল দুই দলের গোল ব্যবধান। পেনাল্টিতে গিয়ে মেসিরা জিতে যান। মার্তিনেস বলেন, “আমরা অনেক কষ্ট করেছি। ফাইনালে শুরুর দিকে ভেবেছিলাম যে, ম্যাচ আমাদের হাতে। পরে ফ্রান্স ম্যাচে ফেরে। খুব জটিল হয়ে যায় খেলাটা। শেষ মুহূর্তে ওরা একটা সুযোগ পেয়েছিল। আমার ভাগ্য ভাল যে গোলটা আটকে দিতে পেরেছিলাম। পা দিয়ে আটকে দিয়েছিলাম বলটা।”

