রাজধানীর গোলাপবাগ মাঠে সকাল ১১টা থেকে শুরু হবে : খন্দকার মোশাররফ


বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সকাল ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।

খন্দকার মোশাররফ বলেন, জনগণের আন্দোলনের সামনে সব স্বৈরাচার নতি স্বীকার করতে হয়েছে। ইতিহাস তাই বলে। বর্তমান সরকারকেও জনগণের দাবির সামনে ইনশাআল্লাহ, নতি স্বীকার করতে হবে। এটা আমাদের প্রত্যাশা।

‘ইতোপূর্বে ৯টি জনসমাবেশ জনগণ শান্তিপূর্ণভাবে সফল করেছে। এতে সরকার ভীত হয়ে ঢাকা বিভাগীয় সমাবেশ বাধা দিতে তারা হীন ষড়যন্ত্র করেছে। আমরা এই ধরনের ষড়যন্ত্রকে ধিক্কার জানাই,’ বলেন তিনি।

গোলাপবাগ মাঠের সমাবেশ সকাল ১১টা থেকে শুরু হবে জানিয়ে ড. মোশাররফ হোসেন বলেন, যারা ভবিষ্যতে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে থাকবেন। আগামীকালের সমাবেশে তারা শান্তিপূর্ণভাবে উপস্থিত থাকবে এবং ঢাকার সকল পর্যায়ের জনগণকে সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘ঢাকার সমাবেশ থেকে আগামী দিনে সরকারকে বিদায়ের জন্য দফা ঘোষণা করব।’

এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার , গয়েশ্বর চন্দ্র রায় , সেলিমা রহমান , মইন খান শ কেন্দ্রিয় নেতারা উপস্থিত ছিলেন ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.