কাতারের মাটিতে ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ, আগেই জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। দীর্ঘদিনের সযত্নে লালিত শিরোপা জয়ের স্বপ্ন পূরণের পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামার স্বাদ নিতে চান আর্জেন্টিনা অধিনায়ক। ফ্রান্সের বিপক্ষে স্মরণীয় ফাইনাল শেষে তিনি জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন না এখনই।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সব সময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’
এবারের আগে আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। মেসির জন্ম এর এক বছর পর। প্রতিটি আর্জেন্টাইনের মতো তারও ছোটবেলার স্বপ্ন ছিল, একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন। কিন্তু ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জিতে ফেললেও বিশ্বকাপ শিরোপা রয়ে গিয়েছিল অধরা।

