বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে গুরুতর আহত অভিনেত্রী ফারিণ

গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে ওঠতে গিয়ে আহত হন তিনি।

জানা গেছে, রাজধানী ঢাকার কুড়িলের একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে আহত হন ফারিণ। এ সময় তার বাবা সঙ্গে ছিলেন। মার্কেটের নিচতলা থেকে দোতলায় ওঠার সময় চলন্ত সিঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে।

আঘাতে তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি তার পায়ের মাংসে ঢুকে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। ফারিণের দুই পা এতে ভীষণ জখম হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম প্রথম আলো।

দুর্ঘটনার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় তাকে।

২০১৭ সালে “আমরা আবার ফিরবো কবে” নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় ফারিণের অভিষেক হয়। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তার আলোচিত ওয়েব সিরিজ “কারাগার”-এর দ্বিতীয় কিস্তি। এ মাসেই “আরও এক পৃথিবী” দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.