বিএনপি’র ২৭ দফা প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে অতীতে ক্ষমতার স্বাদ নেয়া বর্তমান বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে এবং তারা (বিএনপি) একটি ঘোষণা দিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করতে চাই এই রূপরেখা প্রস্তাবনা নিছকই রাজনৈতিক বক্তব্য না বরং দৃঢ় সদিচ্ছার প্রতিফলন।
মঙ্গলবার বিকালে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করলেও শাসন কাঠামো, নীতি-পদ্ধতি পুরনো উপনিবেশিক আমলেরই থেকে গেছে। সাংবিধানিকভাবে একক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠাগুলোকে কুক্ষিগত করে ক্ষমতাসীনদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার পাঁয়তারা করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় ছিল তারাই এই মেরামতযোগ্য অকার্যকর রাষ্ট্রব্যবস্থার সুযোগ নিয়েছে। ইতিপূর্বে ক্ষমতায় থাকা সবগুলো দলের প্রবণতা একই রকম ছিল ও আছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই রাষ্ট্র মেরামত করার কথা বলে এসেছে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের বক্তব্যকে গণদাবিতে পরিণত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর দলের নামই রেখেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করিয়ে দিতে চায় যে, বাঙালি মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মেরামতের প্রসঙ্গে নীতিমালা হিসেবে ইসলামকে ভিত্তি না ধরলে দেশ আবারো পথ হারাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ২রা জানুয়ারির জাতীয় সম্মেলনে এ বিষয়ে পূর্ণাঙ্গ ও টেকসই একটি রূপরেখা দেবে উল্লেখ করে আতাউর রহমান আরও বলেন, দেশে বিগত ৫২ বছরে কোনো সরকারই একটি টেকসই ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। বিরোধী দল রাষ্ট্র মেরামতের কথা বললেও নির্বাচন ব্যবস্থার বিষয়ে নতুন কোনো টেকসই প্রস্তাবনা দিতে পারেনি।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, বরকত উল্লাহ্ লতিফ প্রমুখ।
।

