চীন সীমান্তে সেনা বাড়িয়েছে ভারত

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ একটি সীমান্ত এলাকায় তার দেশ নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে। বিজেপি সরকার চীনের হুমকির ব্যাপারে উদাসীন বলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত অনুষ্ঠানে করা প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এ কথা বলেছেন। অরুণাচল প্রদেশ সীমান্তসংলগ্ন বিরোধপূর্ণ এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েক দিনের মাথায় তিনি এ মন্তব্য করলেন।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে। একে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নামে অভিহিত করা হয়। এ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে ভারত ও চীনের সেনারা প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সবশেষ ৯ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে অরুণাচলের তাওয়াং সীমান্তে সংঘর্ষ হয়েছে। এতে কয়েক সেনা আহত হয়েছেন। 

ভারত বলছে, চীনা সেনাদের অনধিকারপ্রবেশের কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের জানামতে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে এবং দুই পক্ষ এ ইস্যুতে আলোচনা করছে।

জয়শঙ্কর এবার দাবি করেছেন, এখন চীন সীমান্তে এত বেশি ভারতীয় সেনা মোতায়েন রয়েছে, যা আগে কখনো হয়নি।  তবে জয়শঙ্করের এ বক্তব্য নিয়ে চীন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র : পার্সটুডে, বিবিসি ও এনডিটিভি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.