বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব লিভারপুল কি এ বার যেতে পারে মুকেশ অম্বানীর হাতে? তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য মিরর’-এর খবর অনুযায়ী, ভারতের এই কোটিপতি ব্যবসায়ী ইতিমধ্যেই ক্লাব কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রসঙ্গত, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশ অম্বানী। তাঁর স্ত্রী নীতা অম্বানী এবং ছেলেকে প্রতি ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতে দেখা যায়। অন্য দিকে, আইএসএল যারা চালায়, সেই ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডেরও মালিক অম্বানীর সংস্থা।
এই মুহূর্তে লিভারপুলের মালিক আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। কিন্তু গত কয়েক দিন ধরেই ক্লাব বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন সংস্থার দরজায় দরজায় ঘুরছে। সেই দেখেই অম্বানী আগ্রহ দেখিয়েছেন। জানা গিয়েছে, ৪ বিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকা) লিভারপুল বিক্রি করে দিতে পারে এফএসজি। শেয়ার নয়, সরাসরি ক্লাব বিক্রি করার দিকেই আগ্রহ দেখিয়েছে তারা।
লিভারপুল কিনতে অম্বানীর কোনও অসুবিধা হওয়ার কথা নয়। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মালিক ফোর্বসের তৈরি করা ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৪ বিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি)। ফলে নিজের সম্পত্তির সামান্য অংশই যাবে লিভারপুলের পিছনে ব্যয় করতে।
তার থেকে বড় ব্যাপার, অম্বানী নিজে ক্রীড়াপ্রেমী। আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক তাঁর সংস্থা। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগও (আইএসএল) চালায় অম্বানীর সংস্থা। ভারতে ক্রিকেটকে ধর্মের চোখে দেখা হলেও এখানে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পাশাপাশি লিভারপুলের জনপ্রিয়তাও অত্যন্ত বেশি। জার্সি বিক্রির হারই তার প্রমাণ। সুত্রআনন্দবাজার পত্রিকা ।

