মেক্সিকো ম্যাচ জিতেই গোটা দলকে গোরুর মাংস রান্না করে খাওয়ালেন মেসি

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর চাপে ছিলেন লিয়োনেল মেসি। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয় আর্জেন্টিনা শিবিরের মেজাজ অনেকটাই ফুরফুরে করেছে। মেসিও ব্যতিক্রম নন। মেক্সিকো ম্যাচের পর তাঁকে দেখা গেল অন্য ভূমিকায়।

আর্জেন্টিনা অধিনায়কের প্রথম প্রেম ফুটবল। দ্বিতীয় প্রেম স্ত্রী আন্তোনেল্লা। তৃতীয় একটি ভাল লাগাও রয়েছে মেসির। সেটা হল রান্না। মাঝেমধ্যে সময় পেলে স্ত্রী, সন্তান বা পরিবারের সদস্যদের জন্য রান্না করেন। বন্ধুদের সঙ্গে পার্টিতেও কয়েক বার রান্না করতে দেখা দিয়েছে তাঁকে। এ বার রান্না করলেন সতীর্থদের জন্য।

মেক্সিকো ম্যাচের পরের দিন সকালে দলকে বিশ্রাম দেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। অনুশীলন না থাকায় দলের সকলে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজের মতো সময় কাটাচ্ছিলেন। মেসি সেই সুযোগ কাজে লাগালেন অন্য ভাবে। সতীর্থদের জন্য তৈরি করলেন গোরুর মাংসের বার্বিকিউ। আর্জেন্টিনার অধিনায়কের অন্যতম প্রিয় মাংসের এই পদ। তৈরিও করতে পারেন। আগেও তাঁকে কয়েক বার গোরুর মাংসের বার্বিকিউ তৈরি করতে দেখা গিয়েছে। মেক্সিকোকে হারানোর উৎসবে বাড়তি রং দিতে বিশ্বকাপের মাঝেই রাঁধুনির ভূমিকায় দেখা গেল তাঁকে। ২৬ নভেম্বর মেক্সিকোকে হারানোর পর সাজঘরে ফিরে একপ্রস্ত উৎসব করেন আর্জেন্টিনার ফুটবলাররা। সাজঘরে তাঁদের নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তেমনই ছড়িয়ে পড়েছে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেসির বার্বিকিউ তৈরির ছবি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.