নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা ও গ্রেপ্তার করেও ৫ই নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে জনস্রোত আওয়ামী লীগ ঠেকাতে পারবে না। যেভাবে পারেনি খুলনা রংপুর বা চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে। বুধবার শহীদ আব্দুর রব বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এসময় উপস্থিত কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ ৪ ও ৫ নভেম্বরের পরিবহন ধর্মঘটের তীব্র নিন্দা জানিয়ে বলেন, শ্রমিক বা মালিকরা না চাইলেও সরকারপন্থিদের চাপের মুখে সমাবেশ বানচাল করার জন্য ধর্মঘট ডাকা হয়েছে।
বেলা ১টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান এড. জয়নাল আবেদিন, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহিরউদ্দিন স্বপন, যুগ্ম মহাসিচব হাবিবুন নবী সোহেল, প্রস্তুতি কমিটির সমন্বয়কারী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সমন্বয়কারী আকন কুদ্দুর রহমান, মাহাবুবুল হক নান্নু, সাবেক এমপি আবুল হোসেন, মেজবাউদ্দিন ফরহাদ, জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চান, মহানগর সভাপতি মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ।

