আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কাদের সাহেব বলেন খেলবেন। তাকে বলব, আগে খেলা শেখেন, তারপর খেলব। আনাড়ি প্লেয়ারের সঙ্গে বিএনপি খেলে না। দিনের ভোট রাতে চুরি করেন, পুলিশ দিয়ে। ওই খেলায় বিএনপি খেলে না। বিএনপি খেলার জন্য প্রস্তুত।’
আজ শনিবার বিকেল ৪টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ক্ষমতা থেকে নেমে আসেন। মুজিব কোট পরে খেলায় আসেন। রাষ্ট্রীয় প্রশাসন থেকে দূরে থাকেন, খোলা মাঠে খেলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে খেলা, সেই খেলায় আসেন। আমাদের এ, বি এবং তৃতীয় ডিভিশনের প্লেয়ারই যথেষ্ট। অনেক আগে বলেছিলাম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, খালেদা জিয়া ও তারেক রহমান বাদ থাক। আমাদের জাইমা রহমানের কাছেই শেখ হাসিনা জামানত হারাবেন।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সিলেটের এই সমাবেশের আগে আমরা ছয় বিভাগে ছয়টি সমাবেশ করেছি। সরকার তার প্রশাসন, পুলিশ, নিজস্ব পেটোয়াবাহিনী দিয়ে বাস, ট্রাক মালিকদের বাধ্য করে ধর্মঘট দিয়ে প্রত্যেকটা সমাবেশকে ব্যর্থ করার অপচেষ্টা করেছে। জনগণ তার উচিত জবাব দিয়েছে। সব বাধা অতিক্রম করে সবাই বুক ফুলিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সভাসমাবেশকে সফল করছে।

