কভিড-১৯ ঠেকাতে ‘শূন্যনীতি’ প্রয়োগে অনড় চীন ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখল আজ রোববার। গতকাল শনিবার পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়ার একদিন পরই নতুন রেকর্ডের বিষয়টি জানা গেল। খবর রয়টার্স।
চীনের কভিড নীতি নিয়ে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ রয়েছে। নীতি সহজের আশা করলেও শনিবারের ঘোষণা তাদের হতাশ করে। এর মাঝেই এল সর্বোচ্চ সংক্রমণের খবর।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, শনিবার ৪ হাজার ৪২০টি নতুন স্থানীয় সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে গত ৬ মে অর্থাৎ ৬ মাস আগের ৩ হাজার ৬৫৯টি সংক্রমণের তুলনা করা হচ্ছে।
বৈশ্বিক মানদণ্ডে সংক্রমণের এই সংখ্যা খুবই কম হলেও চীন তিন বছর ধরে ‘শূন্য-কভিড’ নীতিতে আটকে আছে। এ অনুসারে লকডাউন, কোয়ারেন্টাইন, বারবার পরীক্ষা ও ভ্রমণে নিষেধাজ্ঞা এ অঞ্চলে সাধারণ ঘটনা।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে কভিড কড়াকড়ির পক্ষে সাফাই দেন দেশটির কর্মকর্তারা। রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা হু জিয়াং বলেছেন, চীনের কভিড-বিরোধী পদক্ষেপগুলো সম্পূর্ণ সঠিক, সবচেয়ে লাভজনক ও কার্যকর। মানুষ ও তার জীবনকে প্রাধান্য দিয়ে বাকি কৌশল নির্ধারণের কথা বলেন তিনি।
গত সপ্তাহে গুঞ্জন উঠে কভিড-নীতি শিথিল করতে যাচ্ছে চীন। সংবাদমাধ্যমে বলা হয়, শিগগিরই নতুন কিছু পরিবর্তন আসবে। তবে অনেক বিশ্লেষক বলছেন, আগামী মার্চে চীনের বার্ষিক সংসদ অধিবেশন না হওয়া পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আসছে না।

