নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি দুরন্ত বিপ্লব (৪২) নামে এক ছাত্রলীগ নেতার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এই মৃত্যু মানতে পারছে না দুরন্তের পরিবার। দুরন্তের বোন শাশ্বতী বিপ্লবের দাবি, তার ভাইয়ের এমন মৃত্যু হতে পারে না। এটি কখনই কামনা করেন না তিনি।
ভাইয়ের মৃত্যুতে রোববার আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন শাশ্বতী বিপ্লব।
স্ট্যাটাসে শাশ্বতী লিখেছেন, ‘এমন মৃত্যু ভাইয়া ডিজার্ভ করে না। কোনো দিন না। নারায়ণগঞ্জের পাগলাঘাটে কচুরিপানার ওপর এমন অসহায়ভাবে ভেসে থাকতে পারে না দুরন্ত বিপ্লব নামের কিংবদন্তিতুল্য ভাইটা আমার। সারাজীবন নিজের খেয়ালের রাজা ও। যারা ওকে চেনে, তারা জানে কী প্রবল আত্মসম্মানবোধ ছিল ওর। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে এখন। আমরা কাল রাত ৩টায় সেই ছবি দেখে এসেছি। দুর্জয়, ইমরুলরা ওকে আনতে গেছে। ৭ তারিখেই ও চলে গিয়েছিল আমাদের ছেড়ে। কামরাঙ্গীরচর থেকে পাগলা পর্যন্ত ভেসে যেতে ওর ৫ দিন লেগেছে। ’
ভাইয়ের মরদেহের জানাজার সময়ও জানিয়ে দিয়েছেন শাশ্বতী।
তিনি লিখেছেন, ‘জানাজা বাদআসর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির মসজিদের সামনে হবে। যারা শামিল হতে চান, আসবেন।’
দুরন্তের মৃত্যুর বিষয়ে পাগলা নৌপুলিশের এসআই শাহজাহান সাজু জানিয়েছেন, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরের থুতা খেয়াঘাট দিয়ে নদী পারাপারের সময় দুই ট্রলারের সংঘর্ষে কয়েকজন ট্রলার যাত্রী নদীতে পড়ে যান। ওই সময় দুরন্ত বিপ্লব সাঁতার না জানায় পানিতে ডুবে যান।

