ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলের কেন্দ্রে একটি ব্যস্ত সড়কে এক বিস্ফোরণে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং আরও অন্তত ৫৩ জন আহত হয়েছেন বলে শহরটির গভর্নর জানিয়েছেন।

আলি ইয়ারলিকায়া বলেছেন, শহরের তাকসিম এলাকায় স্থানীয় সময় বিকেল ৪:২০-এ এই বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে , যেখান থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেখানে রাস্তায় নিথর দেহ পড়ে আছে।

বিস্ফোেরণের কারণ এখনও পরিষ্কার নয়।

ঘটনাস্থলে এখন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাম্বুলেন্সে করে আহত লোকদের সরিয়ে নেয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানাচ্ছেন, হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

 

তিনি জানান, সাধারণত ব্যস্ত এই রাস্তায় অনেক দোকানদার তাদের দরজায় দাঁড়িয়ে থেকে হতবাক হয়ে দেখেছিলেন।

ঘটনাটিতে শহরের আরও অনেকেই হতবাক হয়ে যাবেন বলে বলেন বিবিসির সংবাদদাতা।

প্রত্যক্ষদর্শী কেমাল দেনিচি প্রায় ৫৪ গজ দূর থেকে এই বিস্ফোরণের শব্দ শুনতে পান।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমি তিন বা চারজনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি।”

“মানুষ আতঙ্কে দৌড়াচ্ছিল … কালো ধোঁয়া উঠছিল। বিস্ফোরণের শব্দ এত শক্তিশালী ছিল যে প্রায় বধির হওয়ার মতো,” বলছিলেন তিনি।

বিবিসির ইউরোপ বিষয়ক সম্পাদক বলছেন, ইস্তাম্বুলে আগেও বোমা হামলা হয়েছে।

এর আগে ২০১৬ সালে ইস্তাম্বুলের কেন্দ্রে ব্যাপক এক বিস্ফোরণ হয়েছিল এবং এতে ১০ জন নিহত হয়। ঘটনায় আহত হন আরও ১৫ জন।

ঐ বিস্ফোরণটি ঘটেছিল শহরের একদম কেন্দ্রে সুলতানহামেত চত্বরে।

এরপর ২০১৭ সালে এক নৈশক্লাবে ১৭ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে ।

তবে তারপর এটাই এধরণের প্রথম ঘটনা। সুত্র, বিবিসি বাংলা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading