আবার জনসম্মুখে আসলেন কিমের মেয়ে, ঘনীভূত হচ্ছে উত্তরসুরি বিতর্ক

আবার জনসম্মুখে আসলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে। এবার তাকে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীদের সঙ্গে দেখা গেছে এবং তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাবার ‘সবচেয়ে আদরের’ ও ‘মূল্যবান’ এমন কিছু সম্মানসূচক উপাধি ব্যবহার করা হয়েছে। বয়স মাত্র ১০ হলেও তার সাহসী ভঙ্গিমার ছবি প্রকাশে তাকে কী কিমের উত্তরসুরি হিসেবে গড়ে তোলা হচ্ছে কী না, সে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

ধারণা করা হচ্ছে, এটি কিমের দ্বিতীয় সন্তান, যার বয়স ৯ অথবা ১০ এবং নাম জু আয়ে। গত সপ্তাহান্তে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে প্রথম বারের মত তাকে বহির্বিশ্বের কাছে প্রকাশ করা হয়। ছবিতে শিশুটিকে তার বাবা-মা ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অভিযান পরিদর্শন করতে দেখা যায়। কিমের কন্যা একটি সাদা কোট ও লাল জুতা পরে ছিল। সে তার বাবার হাত ধরে একটি ট্রাকের ওপর রাখা বিশাল আকারের ক্ষেপণাস্ত্রের পাশ দিয়ে হেঁটে যায় এবং একটি ক্ষেপণাস্ত্রের উড্ডয়নও দেখে।

রবিবার উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক কেন্দ্রীয় সংবাদ সংস্থা দ্বিতীয়বারের মতো তার কথা উল্লেখ করে। সেখানে বলা হয়, সে আর কিম বিজ্ঞানী, কর্মকর্তা ও হোয়াসং-১৭ আইসিবিএম-এর পরীক্ষামূলক নিক্ষেপের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে গ্রুপ ছবি তোলে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অংকিত পান্ডা বলেন, “এটা নিসন্দেহে বিস্ময়কর। কিম জু আয়ে তার বাবার পাশাপাশি দাঁড়িয়ে থেকে টেকনিশিয়ান ও বিজ্ঞানীদের সঙ্গে সাম্প্রতিকতম আইসিবিএম এর উৎক্ষেপণ উদযাপন করার বিষয়টি এই ধারণাকে সমর্থন করছে, যে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নির্বাচন করা হয়েছে।”

রবিবার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত মন্তব্যে কিম, হোয়াসং-১৭কে ‘পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন এবং জানান, দেশটির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ‘পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৌশলগত বাহিনীর’ মালিক হওয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.