সড়ক দুর্ঘটনা: মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার মোসাদ্দেক আলী আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাওইল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অফিসার মোসাদ্দেক আলী জানান, নাটোরের বনপাড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ওই এলাকায় একটি বাসকে ধাক্কা দেয়। ওই সময় ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন মারা যান। এ সময় আহত হয় প্রায় ১০ জন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.