সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মো. হাসানুর রহমান (২৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।

নিহতের পিতা হায়দার আলী জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ রোববার ভোর রাত ৩টার দিকে একইভাবে সীমান্ত পার হয়ে দেশে ফেরার পথে ভারতের কৈজুরী ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি জানান, রোববার ভোর রাতে সীমান্তে কোন গুলির ঘটনা ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোন বিষয়ও হতে পারে। এরপরও আমরা খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.