মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সীমানায় যাতে কোনো গ্রুপ না আসতে পারে সেজন্য মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছন, মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। সেখানে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি গ্রুপ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা যাতে দেশের সীমানায় না আসতে পারে সেজন্য বিজিবি সদস্য বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি মিয়ানমার বাহিনী আমাদের সীমানায় আসবে না। আমরা যুদ্ধ চাই না, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।

কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট সামছুল আলমসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে নিজ নিজ ধর্মগ্রন্থের দিকে হাত তুলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন প্রশিক্ষণার্থীরা। মোট ৯৯৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন রফিকুল ইসলাম হৃদয়, ফায়ারিং-এ সেরা নূরুল ইসলাম আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মো. আকরাম হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.