বিচ্ছিন্নতাবাদীদের দেশে থাকতে দিচ্ছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এলাকায় থাকতে দিচ্ছি না। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।

রোববার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, যেকোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো জঙ্গি সংগঠন যদি বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান করে, আমরা তাদের দ্রুত সরিয়ে দিচ্ছি।

কেএনএফের সঙ্গে জঙ্গিদের কোনো সংযোগ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আমরা ধারণা করছি, জঙ্গি বাহিনীর বা যেসব জঙ্গিরা সেখানে গিয়েছিল, কেএনএফের ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান করছিল। আমরা এসব ঘটনা দেখেছি। কয়েকজনকে ধরেছি, শনাক্তও করেছি। সবগুলোকে এনে জিজ্ঞাসা করে তথ্য জেনে আপনাদেরকে জানাব।

এর আগে, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডারের (টিটিএল) উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.