রাজধানীর মিরপুর, উত্তরা, মধ্য বাড্ডা ও গুলশাসহসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে একাধিক ভুয়া কল সেন্টার। চাইনা ও সিঙ্গাপুর থেকে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মদদে পরিচালিত হয় এসব কল সেন্টার। বিদেশী কোম্পানীগুলো বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভারতীয় নাগরিকদের ঋণের ফাঁদে ফেলে। পরে বাংলাদেশে গড়ে ওঠা এসব কল সেন্টারের মাধ্যমে কল করিয়ে তাদের ঋণ নেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। ঋণ নেয়ার জন্য ভারতীয়দের অনলাইন সার্ভারের মাধ্যমে যে ফরমটি পাঠানো হয় সেটি পুরণ করতে গেলেই হ্যাক করা হয় তাদের তাদের স্মার্ট ফোন। এই ফরমটি পূরণের সাথে সাথেই গ্রাহকের ফোনে থাকা ছবি, মোবাইল নাম্বারসহ ব্যাক্তিগত সব তথ্য চলে যায় প্রতারকদের হাতে।
এরপরই শুরু হয় ব্ল্যাকমেইলিং। তাদের চাহিদা মতো টাকা না দিলে গ্রাহকদের ফোনে থাকা আপত্তিকর সবকিছুই চলে যায় আত্মিয়স্বজন ও বন্ধুবান্ধবসহ পরিচিতদের কাছে। তাদের ফোনে আপত্তিকর কোনোকিছু না থাকলেও গ্রাফিক্স করে বানানো হয় অশ্লিল ছবি। আর ব্ল্যাকমেইলিং থেকে শুরু করে সব ধরণের অপরাধ করানো বিভিন্ন কল সেন্টারে কর্মরত স্কুল পড়ুয়া কিশোর-কিশোরীদের দিয়ে।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, বিক্রয় ডটকম, বিডিজবসসহ বিভিন্ন সাইটে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এসব ভুয়া কল সেন্টার। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক দেয়া থাকলেও অগ্রাধিকার দেয়া হয় হিন্দি ভাষায় পারদর্শীদের। বিহারি ক্যাম্পের বেশির ভাগ কিশোর-কিশোরীরাই সহজে ভাল বেতন পওয়ার লোভে জড়িয়ে পরছে এ অপরাধ জগতে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী টেটসো ইন্টারন্যাশনাল লিমিটেড, লিওপার্ড কলিং সার্ভিস লিমিটেড,পোলার বেয়ারসহ একাধিক কল সেন্টারের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হয়। চাইনা ভিত্তিক কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত এসব ভুয়া কল সেন্টার ব্যবহার করে ভারতীয় নাগরিকদের ফাঁদে ফেলার কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক নষ্ট করার পরিকল্পনা করা হচ্ছে।
রাজধানীর মধ্য বাড্ডা এলাকার টেটসো ইন্টারন্যাশনাল লিমিটেড ও লিওপার্ড কলিং সার্ভিস লিমিটেড এর চেয়ারম্যান রুবেলের বিরুদ্ধে পুলিশ হেড কোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালি।
অভিযোগে বলা হয়, মিরপুরর ১১ এর সি ব্লকের এভিউনি ফাইভের বাসিন্দা রুবেল ভারতীয় নাগরিকদের ইমারজেন্সি লোন সুবিধার ফাঁদে ফেলে হ্যাকিংয়ের মাধ্যমে তাদের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। পরে তাদের ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মতো অপরাধও করছে এ চক্র। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
তবে এসব অভিযোগকে অস্বীকার করেছেন টেটসো ইন্টারন্যাশনাল লিমিটেড ও লিওপার্ড কলিং সার্ভিস লিমিটেড এর চেয়ারম্যান রুবেল। তিনি বলেন, থার্ড পার্টি হিসেবে আমরা বাংলাদেশ থেকে ভারতীয় গ্রাহকদের সেবা দেই। ইমার্জেন্সি লোন দেয়ার বিষয়ে আমি কিছু জানি না। তবে এ প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় নাগরিকদের কি ধরণের সেবা দেয়া হয় এবং এক্ষেত্রে কি ধরণের টেকনোলজি ব্যবহার করা হয় সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

