শাওনের ভাই বললেন, আমরা মামলা করিনি

 

আমার ভাই বিএনপি’র কারও আঘাতে বা গুলিতে মারা যায় নাই। আপনারা (সাংবাদিকরা) তদন্ত করেন। আমার ভাই বিএনপি করতো, সেদিন সে বিএনপি’র সঙ্গেই ছিল। তা হলে বিএনপি তাকে মারবে কেন? তাহলে মামলা করলেন কেন- এমন প্রশ্নে ফরহাদ বলেন, মামলা করার প্রশ্নই ওঠে না। লাশ বুঝিয়ে দেয়ার কথা বলে পুলিশ আমাদের বড় ভাই মিলন প্রধানের কাছ থেকে বেশ কয়েকটি কাগজে স্বাক্ষর নিয়েছে। বলেছে এই স্বাক্ষরগুলো করলে শাওনের লাশ বুঝিয়ে দেয়া হবে। এজন্য মিলন ভাই কাগজে স্বাক্ষর করেছে। একজন শোকাহত মানুষ কোথায় কেন স্বাক্ষর করছে তা তার জানার কথা নয়। কয়েকটি কাগজে স্বাক্ষরের পর      বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পুলিশ লাশ বুঝিয়ে দেয়। রাত ১টায় লাশ বাড়িতে এনে গোসল করিয়ে জানাজা শেষে রাত ২টায় লাশ দাফন করি।

তাহলে আমরা মামলা করলাম কোথায়- পাল্টা প্রশ্ন ফরহাদের।  ফরহাদের স্পষ্ট কথা, আমরা কোনো মামলা করিনি। শনিবার সকালে সরজমিন নিহত যুবদল কর্মী রাজা আহমেদ শাওনদের বাড়িতে তার মেজ ভাই ফরহাদের সঙ্গে কথা হলে তিনি  এসব কথা বলেন। এ সময় দেখা যায় শাওনের মা ফরিদা বেগম এখনো কেঁদেই চলছেন। 

থেমে থেমেই কাঁদছেন আর বলছেন, আমার ছেলের খুনের বিচার চাই।  নিহত শাওনের ভগ্নিপতি আফজাল হোসেন বলেন, আমরা চেয়েছিলাম পরদিন অর্থাৎ শুক্রবার সকালে স্থানীয় স্কুলের মাঠে জানাজা শেষে লাশ দাফন করতে। কিন্তু প্রশাসনের চাপে গভীর রাতেই দাফনে বাধ্য হই।  নিহতের মামা মোক্তার হোসেন বলেন, শাওন যুবদলের রাজনীতিতে জড়িত ছিল এটা তার পরিবার সেভাবে না জানলেও তার ফেসবুক দেখে সেটা সবাই বেশ ভালো করেই বুঝতে পেরেছে। এখন মৃত শাওন বিএনপি’র নাকি আওয়ামী লীগের সেটা নিয়ে রশি টানাটানি না করাই ভালো। তিনি বলেন, শাওনের মৃত্যুর পরদিন বিএনপি’র বড় বড় নেতা তার বাড়িতে এসেছেন, সমবেদনা জানিয়েছেন। কই আওয়ামী লীগের তো কেউ এলো না। মৃত্যুর প্রথম রাতে তার চাচা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী এসেছেন। জানাজায়ও ছিলেন। তিনি আত্মীয় হিসেবে এসেছেন। তিনি ছাড়া তো কেউ আসেননি। নিহত শাওনের ভাই কোনো মামলা করেননি এ প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগ করলে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ফোন ধরেননি। তবে এ প্রসঙ্গে তিনি অন্য এক ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিককে বলেন, তারা মামলা না করলে মামলা হলো কীভাবে? পুলিশের সিসিটিভি ফুটেজে সব আছে। সেদিন নিহতের ভাইয়ের সঙ্গে আরও অনেকে ছিলেন। তারা স্বেচ্ছায় মামলা করেছেন বলে পুলিশ সুপার দাবি করেন। সুত্র, মানবজমিন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.