মোহাম্মদপুরে তিনটি ১৪তলা ভবন নির্মাণ করবে সরকার

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউ কম্পাউন্ড-এ ১৪৪ কোটি ৩৬ লাখ টাকায় দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিডেট এর মাধ্যমে ৩টি ১৪ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করবে সরকার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে বলেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৪টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ১টি, রেলপথ মন্ত্রণালয়ের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ২৭ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ২১৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৩৭৮ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৪৪৭ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ ৬৪৯ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৯ টাকা।

অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ঢাকাস্থ মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউতে (গৃহায়ন কনকচাপা) কম্পাউন্ড-এ ৩টি ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ কাজ দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিডেটের কাছ থেকে ১৪৪ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ৪৪৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক ই-জিপি সিস্টেমের উন্নয়ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিজিটাইজিং বাস্তবায়ন মনিটরিং এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্পের প্যাকেজের (এএফএস-২) আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশের দোহাটেক মিডিয়া এবং ভারতের জিএসএস ইনফোটেক লিমিটেড। এতে মোট খরচ হবে ৫১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ২৯ টাকা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.