মিয়ানমারের গোলা নিক্ষেপ ‘অনিচ্ছাকৃত ভুল’: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের মর্টারের গোলা নিক্ষেপকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানিয়েছেন, পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং নতুন করে মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণসহ যুক্তরাষ্ট্র সফরসূচি নিয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের গোলা এসে বিস্ফোরণ ঘটে। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হন। এই ঘটনার প্রতিবাদ জানাতে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করা হয়। তিনি এলে বাংলাদেশের প্রতিবাদপত্র দিয়ে বলা হয়, মিয়ানমার থেকে কোনো মর্টারের গোলা যেন আর বাংলাদেশের ভূখণ্ডে এসে না পড়ে।

এর আগে একই ধরনের ঘটনার কারণে ৪ সেপ্টেম্বর এবং ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.