মাদার অব হিউম্যানিটি পদক এখন থেকে জাতীয় মানব কল্যাণ পদক

মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদকের নাম বদলে জাতীয় মানব কল্যাণ পদক নির্ধারণ করেছে মন্ত্রিসভা। এ নাম পরিবর্তন করে মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালার নাম সংশোধনসহ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে, দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালার নাম সংশোধনের একটা প্রস্তাব ছিল, এর আগে যখন পুরস্কার দেওয়া হয়েছিল তখন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা বলেছিলেন; এই নামটা একটু পরিবর্তন করা দরকার। সেজন্য তিনটি নাম নিয়ে এসেছিলেন। আজ মন্ত্রিসভা আলাপ-আলোচনা করে এটার নাম পরিবর্তন করে ‘জাতীয় মানব কল্যাণ পদক’ করা হয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালে মাদার অব হিউম্যানিটি পুরস্কার হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছিল। আজকে মন্ত্রিসভা এটাকে পরিবর্তন করে দিয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়দানসহ তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী সারা বিশ্বে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তার এ প্রাপ্তি দেশের জনগণ ও জনসেবার সঙ্গে সংশ্লিষ্ট সমাজকল্যাণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তি/প্রতিষ্ঠানের বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ চালু করা হয়। ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা ২০১৮’ মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরের বছর ৯ জানুয়ারি ২০১৯ তারিখে নীতিমালার গেজেট প্রকাশিত হয়। ব্যক্তি, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর/সংস্থা বা প্রতিষ্ঠান হতে পাঁচটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ প্রদানের কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.