জলবণ্টন নিয়ে ভারতের আরও একটু উদারতা দেখানো উচিত। তাতে দু’দেশই উপকৃত হবে। ভারত সফরে আসার আগে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আসার কথা তাঁর। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিনার এই সফরে আমন্ত্রিত হয়ে দিল্লি যাচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সফরের আগে নদীজল বণ্টন নিয়ে হাসিনার মন্তব্য ভারতের সামনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারকে তুলে ধরারই প্রচেষ্টা।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, “(আমি) মনে করি, এই সমস্যার সমাধান হওয়া উচিত। এটি একটি দীর্ঘ দিনের সমস্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সমস্যা সমাধানে আগ্রহী।” গত ২৫ অগস্ট নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে সাতটি নদীকে জলবণ্টনের বিষয়ে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। মুহুরি, ফেনি, কুশিয়ারার মতো বড় নদীর জলবণ্টন নিয়েও দু’দেশের আলোচনা হয়েছে সেই বৈঠকে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

