আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে: কাদের

আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০, ৬১ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, রঙিন খোয়াব দেখে কোনো লাভ নেই। বিএনপি এখন উভয় সংকটে, তাদের জলে কুমির ডাঙায় বাঘ! বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন নির্বাচনেও যেতে ভয় পাচ্ছে। বিএনপির ২২ দলীয় জগাখিচুড়ির ঐক্য গতবারের মতো এবারও একই পরিণতি হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। নেতাকর্মীদের ঐক্য থাকলে বিএনপি যতই লাফালাফি করুক তাতে কোনো লাভ হবে না।

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.