৫ পয়সা কমলো বাসভাড়া

দেশ জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমার পর প্রতি কিলোমিটারে বাসভাড়া কমলো পাঁচ পয়সা।

আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ ভাড়া নির্ধারণ করেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

আজ বুধবার রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে সংস্থাটির চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। আগেও সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা ও ৮ টাকাই ছিল।

এর আগে গত ৬ আগস্ট সর্বশেষ বাসভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এ ছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ।

আর মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা। মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা।

আজকের বৈঠকে বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন পরিবহনের মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.