হবিগঞ্জে ধর্মঘট অব্যাহত, নষ্ট হচ্ছে চা পাতা

ন্যায্য মজুরির দাবিতে কাজে যোগ না দিয়ে হবিগঞ্জের শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন। এতে প্রতিটি বাগানেই নষ্ট হচ্ছে চা পাতা। ফলে লোকসানের আশঙ্কায় রয়েছেন বাগানগুলোর মালিকরা।

শনিবার (২০ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী শ্রমিক নেতাদের সঙ্গে হবিগঞ্জসহ বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্রধান ও শ্রমিক নেতাদের আলোচনায় বসার কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ধর্মঘটের অষ্টম দিনেও চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করছেন। যার ফলে উত্তোলনকৃত চা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া গাছের চা পাতা বড় হওয়ায় সেগুলোর উৎপাদন ক্ষমতাও হারিয়ে যাচ্ছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘শ্রমিকরা এবার তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন। দাবি আদায় করেই ঘরে ফিরবে।

সরেজমিন জানা গেছে, ধর্মঘট চলায় অধিকাংশ শ্রমিকের ঘরে খাবার নেই। ভয়াবহ কষ্টে কাটছে দিন তাদের। মজুরির বাইরে অন্যান্য সুযোগ-সুবিধা কাগজে থাকলেও অধিকাংশই বাস্তবে নেই বলে দাবি শ্রমিকদের।

চা বাগান সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের প্রায় ১৫ হাজার ৭০৩.২৪ হেক্টর জমিতে ২৫টি ফ্যাক্টরিযুক্ত চা বাগান রয়েছে। এছাড়া ফাঁড়িসহ প্রায় ৪১টি বাগানের প্রায় প্রতি হেক্টর জমিতে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ কেজি চা পাতা উৎপাদন হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.