রাশিয়া থেকে ভারতসহ বিভিন্ন দেশ তেল আমদানী করতে পারলে আমরা কেন পারবো না, সংশ্লিষ্টদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জ্বালানি তেল কেনার বিষয়ে বিভিন্ন ধরনের উপায় বের করতে বলেছেন। দরকার হলে রাশিয়ান মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি দেখতে বলেছেন বলে জানান মন্ত্রী মান্নান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য বলেছেন। খাদ্যখাতে স্বাবলম্বী হতে হবে। সেচের জন্য সৌর বিদ্যুতের ব্যবহারের কথাও বলেছেন শেখ হাসিনা।
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পে ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এমন ঘটনা কেন ঘটলো প্রকল্প পরিচালক, ঠিকাদার ও পরামর্শকদের কাছে জানতে চেয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

