সাবেক নির্বাচন কমিশনার (ইসি), কবি ও শিশুসাহিত্যিক মাহবুব তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার মরদেহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আনা হয়। মাহবুব তালুকদারের দাফন হবে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
জুমার নামাজ শেষে জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিন। জানাজায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আওয়াল। জানাজা শেষে তার মরদেহে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
জানাজার আগে কাজী হাবীবুল আওয়াল বলেন, আমার কাছে তার পরিচয় একজন লেখক হিসেবে। ইতিহাস নিয়ে বেশ ভালো কিছু লেখা লিখেছেন। উনি লেখক হিসেবেই যেন বেঁচে থাকেন।
মাহবুব তালুকদারের ছেলে শোভন মাহবুব বলেন, তার কথা ও কাজে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে মাফ করে দেবেন।
গত বুধবার দুপুরে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহবুব তালুকদারের বয়স হয়েছিল ৮০ বছর।

