বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে রূপরেখা প্রস্তুত : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জড়িত ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশন গঠন চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। ইতোমধ্যে কমিশনের রূপরেখা প্রস্তুত করা হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তিনি প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত করবেন।

আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘এস্টাবলিশ পাইলট প্রসেস টু ক্লাসিফাই কেসেস ইন কনসালটেশন উইথ দ্যা জাজেস অব দ্যা লেবার কোর্টস উইথ আ ভিউ টু এড্রেসিং কেস ব্যাকলগস’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমিশনের অগ্রগতির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশনের রূপরেখা তৈরি করেছি। এখন কমিশন গঠন ও এর কার্যপ্রণালী নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। আপনারা জানেন, কোভিড যায় যায় করেও যাচ্ছে না, বর্তমান বৈশ্বিক অবস্থাও অনুধাবন করছেন। এখানে অর্থনৈতিক বিষয়েও কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেজন্য কমিশনের রূপরেখার বিষয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করা হয়ে উঠছে না। আশা করছি কিছুদিনের মধ্যে আলোচনায় বসতে পারব। এই বছর নাগাদ আমরা হয়তো কমিশন চালু করতে পারব।’

কমিশনের একটি রূপরেখাটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘পরে প্রধানমন্ত্রী প্রয়োজনে সংযোজন-বিয়োজনের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত অনুমোদন করবেন।’

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আইন মন্ত্রণালয় সচিব মো. গোলাম সারওয়ার এবং শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক মো. ফারুক প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.