পরাণ–এর আগাম টিকিট কেনার হিড়িক

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পঞ্চম সপ্তাহে এসেও দেশের প্রায় ৫০টি হলে চলছে সিনেমাটি।

এবার দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। শুরুতেই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এটি। সেখানে ‘পরাণ’–এর আগাম বিক্রির হিড়িক পড়েছে। এরই মধ্যে প্রিমিয়ার শোসহ ১৭টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।

অস্ট্রেলিয়ার হয়েটস ব্ল্যাকটাউন থিয়েটারে ১২ আগস্ট প্রিমিয়ার শো হবে। জানা গেছে, প্রিমিয়ার শোর সব টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় সিনেমাটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান জানান, প্রিমিয়ার শোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ৩ আগস্ট আমাদের ওয়েবসাইটে খবরটি দিয়েছিলাম। ৫ আগস্টের মধ্যেই সব টিকিট শেষ। এর আগে ‘দেবী’ ও ‘আয়নাবাজি’ সিনেমার সময় এমন ঘটনা ঘটেছিল।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত দেশের বাইরে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রে মুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত। এ ছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তির কথাবার্তা চলছে।’

‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.