বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন , ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী , এ জন্য জন্য আমি সর্বপ্রথম তাকে (পররাষ্ট্র মন্ত্রী) ধন্যবাদ জানাই। কেনো? সিক্রেট ডাইরি বিটুইন ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগ, অর সিক্রেট ডাইরি বিটুইন হাসিনা এন্ড মোদি- এটা উনি ফাঁস করে দিয়েছেন জাতির সামনে।’ তিনি আরো বলেন, ‘ভারতের কাছে তারা দেন-দরবারটা করে-এটা তো আমরা অনুমানে বুঝতাম। তো উনি রাজসাক্ষী, উনি সিক্রেসিটা জনগনের সামনে প্রকাশ করেছেন। সেজন্য তারে একটা আমি ধন্যবাদ জানাতে পারি। তারে যদি বেকুব বলে সেটা আওয়ামী লীগ বলতে পারে যে, গোপন কথা কেনো কইলি? আমি তারে এই কথার জন্য কিন্তু গালমন্দ করবো না।
’ আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ এর উদ্যোগে সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন : ইভিএম মেসিন ও আজকের গণতন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সংগঠনের ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, তাঁতীর দলের মনিরুজ্জামান মুনির প্রমূখ নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একাত্তর সালে আমরা আমরা যখন যুদ্ধে গেছি, মায়ের কাছে ফিরে আসবো ভাবি নাই। অনেকে আসেনি ফিরে। সুতরাং আজকেও পাকিস্তানিদের চেয়েও জঘন্য এই সরকারের চরিত্র। সুতরাং আজকের আন্দোলনটাকে মনে করতে হবে ইটস এ ওয়ার ফর এ ডেমোক্রেসি।
এটা গণতন্ত্রের যুদ্ধ। এই যুদ্ধে ডু অর ডাই। যেখানে আঘাত, সেখানে পাল্টা আঘাত। এই দৃঢ় সংকল্প নিয়েই আমাকে রাস্তায় থাকতে হবে। গয়েশ্বর বলেন, একাত্তর সালে মায়েরাও কিন্তু সাত্বনা পেয়েছে যখন স্বাধীনতাটা পেয়েছেন সন্তান হারানোর মধ্য দিয়ে। যাদের মায়ের বুক খালি, যার ভাই, যার স্বামী নাই তারাও কিন্তু, তারা যে জন্য লড়াই করছে, গণতন্ত্রের জন্য সোনার হরিণটা আমরা যদি জনগনের হাতে মুঠে এনে দিতে পারি আর জনগনের মালিকানা যদি জনগনের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের রক্ত, মামলা খাওয়া, জেলে খাটা সবই সার্থক হবে। বিএনপির এই নেতা বলেন, আর যদি কিছুই না করতে পারি সকল কিছুই বৃথা। তাতে কিন্ত কোনো বীরত্ব বাড়বে না, তাতে আমাদের প্রতি কেউ সহানুভূতি জানাবে না, তাতে আমাদের ব্যথায় কেউ ব্যথিত হবে না। আমরা সরাসরি যারা রাজনীতি করি তারা যতটুক আঘাত প্রাপ্ত, যতটুক ব্যথা পাই তার চেয়ে বেশি কষ্টে আছে দেশের জনগন। এই যে লাগামহীন ঘোড়ার মতো ঊর্ধ্বমুখী জিনিসপদেত্রর দাম- এটা কমার কোন কারণ নেই, কমার কোনো সুযোগ নাই, প্রতিদিন বাড়বে। কারণ বাড়ার জন্য যেগুলো দরকার সেসব সরকার করছে। গত শনিবার যশোরের চৌগাছার সমাবেশে ক্ষমতাসীনরা হামলা চালালে পাল্টা প্রতিরোধে ঘটনা তুলে ধরে তিনি বলেন, এখন মাইর খায় না, পাল্টা দেয়। এটা একটা ইতিবাচক দিক। গত পরশু যশোরের চৌগাছায় নেতা-কর্মীরা এমন ধাওয়া দিছে যে, আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এটা এখন সর্বত্র করতে হবে। ‘নির্বাচনে অংশগ্রহন নিয়ে সংশয় দূর করতে হবে’ নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে এই সরকারের অধিনে, এই নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা নির্বাচনে অংশ গ্রহন করব না। এটা বার বার আমাদের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে এবং সকল নেতা-কর্মীও বিশ্বাসী যে, এই সরকারের অধিনে কোনো নির্বাচন নয়। সেজন্য নির্বাচন নিয়ে এখন আর আলোচনার সময় নাই।
আজকের প্রেক্ষাপটে সরকারের পতন, তার প্রস্তুতি এবং কি কি ধরনের কর্মসূচি অবলম্বন করলে সরকারের পতন নিশ্চিত করা যায়-সেই আলোচনাই আমাদের এখন করতে হবে। অর্থাত আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচন নয়। আমরা কিন্তু শেষ পর্যন্ত সেই জায়গায় থাকি নাই। খালেদা জিয়া এখনো মুক্ত হননি। ২০১৮ সালের নির্বাচনে আমরা গেছি। ওই যে পুরানা কথাটা নেতা-কর্মী-সাধারণ মানুষ তাদের মধ্যে সংশয় থাকে যে, এখন তো বলছে নির্বাচনে যাবে না, পরে যদি আবার যায়। এই সংশয়টা কিন্তু কাটিয়ে উঠার দায়িত্ব আমাদেরই। আমাদের কর্ম, কর্মপদ্ধতি, আন্দোলনের কর্মসূচির মধ্যে আমাদের আন্তরিকতা-এগুলো মধ্যে দিয়ে আমাদেরকে জনগনের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। বিএনপির এই নেতা বলেন, এক শ্রেনী বিশ্বাস করছে যে, নির্বাচনে কিভাবে যায়? আরেক শ্রেনী বিশ্বাস করছে যে, নির্বাচন যাবে। এটা সরকারের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন কথা-বার্তা, যেটা পর্দার অন্তরালে। কারণ আমরা এখানে যারা বসে আছি তাদের মধ্যে কে সংস্থার লোকের সাথে কথা বলে আমরা কেউ কারোটা জানি না এবং আমাদের রাতের অন্ধকারে যে কার সাথে যোগাযোগ করতেছে, কারে কি টোপ দিতেছে, তারা আসুক গ্যারেন্টি দিতেছে, কারে কি টাকা দিতেছে তা তো আমাদের জানা নাই। এসব কথা প্রমাণ করার সুযোগ নাই। কিন্তু আকাশে বাতাসে কিন্তু এই কথাগুলো ভাসতেছে। অর্থাত পিপলস গ্রেজুয়েলি বিকেম কনফেউজড। এই জায়গাটায় আমাদের কিন্তু পরিস্কার করতে হবে রাজপথের আন্দোলনে গতিবৃদ্ধির মধ্য দিয়ে।

