‘আমদানি নয়, ল্যাবে পরীক্ষার জন্য রাশিয়া থেকে তেল আনা হয়েছে’

শুধুমাত্র ল্যাবে পরীক্ষার জন্য রাশিয়া থেকে খুবই অল্প পরিমাণ তেল আনা হয়েছে; এর সঙ্গে আমদানির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি কার্যালয়ে পেট্রল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ডিজেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের আগাম কর মওকুফ করা হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ অবস্থায় ডিজেলের দাম কমানো প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘এখনো ডিজেলের দাম প্রতি ব্যারেলে ১৩২ ডলার পড়ছে, যেটা আমাদের কস্টিংয়ের চেয়ে লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা বেশি।’

এবিএম আজাদ বলেন, ‘দাম কমার বিষয়ে যদি আপনাদের লেটেস্ট তথ্য দেই, এভারেজে আগস্ট মাসে গত ২৮ দিনের যে রেট যেটা রিফাইন ওয়েলে, সেটা এখনো ১৩২ ডলার প্রতি ব্যারেলে পড়ছে। যেটা আমার কস্টিংয়ে চেয়ে সাড়ে ৯ থেকে ১০ টাকা বেশি প্রতি লিটারে। আমি ডিজেলের কথা বলছি।’

এ সময় পেট্রল পাম্প মালিকদের ৩১ আগস্টের কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানান বিপিসি চেয়ারম্যান।

এনবিআরের নতুন প্রজ্ঞাপনে ভ্যাট ট্যাক্স কমানোয় তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানান এবিএম আজাদ।তিনি বলেন, মন্ত্রণালয়ে আলোচনার পর জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল আমদানিতে এখন থেকে ব্যবসায়ীদের আমদানি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৩ শতাংশ এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। রোববার থেকে কার্যকর হওয়া এই আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.