বুস্টার ডোজ দিবস মঙ্গলবার

নতুন করে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে মঙ্গলবার (১৯ জুলাই) দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের অধিক বয়সের যেকোনো নাগরিক দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে, বুস্টার ডোজ নিতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এবারের বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা ব্যবহার করা হবে বলেও জানায় অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ২৪টি কেন্দ্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৪টি কেন্দ্রে বুস্টার টিকা প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে। প্রতি টিমের সদস্য সংখ্যা হবে ৩ জন করে। প্রতিটি টিম ৫০০ জনকে টিকা দেবে। বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার টিকা দেওয়া হবে।

ঢাকা উত্তর সিটির আওতাধীন ২৫০ শয্যার টিবি হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা ডেন্টাল কলেজসহ ১৬টি কেন্দ্রে ৮টি করে টিম এবং ১১টি কেন্দ্রে ৪টি করে টিম কাজ করবে। এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ১০টি কেন্দ্রে ৮টি করে টিম এবং ৪টি কেন্দ্রে ৪টি করে টিম কাজ করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.