বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের নিকট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্মই এখন সরকারের একমাত্র কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার নির্লজ্জভাবে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল করেন, যুবদলের ফেনী জেলার সভাপতি জাকির হোসেন জসিমকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাকরাইল থেকে আইনশৃঙ্খলাবাহিনী গ্রেপ্তার করে। আটককৃত অবস্থায় ফেনীতে তার বাড়িতে নিয়ে পরিবার-পরিজনের সামনে ভয়ভীতি প্রদর্শন করে পূর্ব পরিকল্পিভাবে বাসা থেকে বোমা ও অস্ত্র উদ্ধার দেখানো হয়। পরে মিথ্যা এবং বানোয়াট মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

