বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের মাধ্যমে : আকবর আলি খান

 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা সম্ভব নয়। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের মাধ্যমে। তিনি বলেন, বাংলাদেশের মূল স্তম্ভ গণতন্ত্র। গণতন্ত্র বাংলাদেশের ইতিহাসের অভ্যন্তরে রয়েছে।এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার আয়োজিত অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতায় একথা বলেন তিনি।

আকবর আলি খান বলেন, প্রাচীনযুগের শাসক গোপাল সিংহাসন আরোহণ করেছিলেন গণতান্ত্রিক ভোটপদ্ধতির মাধ্যমে। বৌদ্ধরাও (পাল যুগে) গণতান্ত্রিক পদ্ধতি শাসনব্যবস্থা পরিচালনায় ব্যবহার করতেন।

গণতন্ত্রের কাজ চার দশক ধরে করেছেন এমাজউদ্দীন আহমদ তাঁর লেখার মাধ্যমে, কর্মের মাধ্যমে মন্তব্য করে আকবর আলি খান বলেন, অধ্যাপক এমাজউদ্দীন বেসামরিক এবং সামরিক আমলাদের ভূমিকা কি তা নিয়ে আলোচনা করেছেন। তিনি গণতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেছেন।

অধ্যাপক এমাজউদ্দীনের পররাষ্ট্রনীতির দর্শন উল্লেখ করে তিনি বলেন, পররাষ্ট্রনীতি নিয়ে অনেক লিখেছেন তার মধ্যে একটি হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মধ্যপ্রাচ্যের বিশেষ ভূমিকা রয়েছে এবং সতর্ক থাকা উচিত। তার লেখা পড়লেই বোঝা যায় তিনি কোনো স্থায়ী বন্ধুত্বে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন- রাষ্ট্রের স্বার্থ হলো স্থায়ী, কোনো বন্ধু স্থায়ী নয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.