রিজভীর কথায় মনে হচ্ছে বন্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রিজভী সাহেবের কথা শুনে মনে হচ্ছে আসাম ও মেঘালয়ের বন্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী। সিলেটে একশ’ বছরের মধ্যে সর্বোচ্চ এক হাজার মিলিমিটার বৃষ্টি হয়, সেজন্যই এ বন্যা।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে এ ব্রিফিং করেন তিনি।

তিনি বলেন, সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করা দরকার। প্রতিবছর নদীগুলোতে পলি জমে ধারণক্ষমতা কমে যাচ্ছে। এটি বন্যার অন্যতম কারণ। উজানে অর্থাৎ চেরাপুঞ্জি ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে ঢলের পানি দ্রুত চলে এসেছে। মানুষ বুঝতেও পারেনি। সকালে ঘুম থেকে উঠে দেখেছেন, বাড়িতে পানি।

তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেবের কথা শুনে মনে হচ্ছে আসাম ও মেঘালয়ের বন্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী। সিলেটে একশ’ বছরের মধ্যে সর্বোচ্চ এক হাজার মিলিমিটার বৃষ্টি হয়, সেজন্যই এ বন্যা। প্রতিবছরই আমাদের দেশের কমপক্ষে ২৫ শতাংশ স্থলভাগ বন্যার পানিতে তলিয়ে যায়। ১০ বছর পর পর আমাদের দেশের ৭৫ শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যায়। আমাদের দেশে বন্যা একটি নিয়মিত ঘটনা।

মন্ত্রী বলেন, সবকিছুতে সরকারকে দায়ী করার যে বাতিক রিজভী সাহেবের মধ্যে রয়েছে সেখান থেকেই এসব কথা বলছেন তিনি। আসলে তিনি কোথা যে কী কথা বলবেন তা বুঝতে পারছেন না। তার কথায় মনে হচ্ছে ১২২ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের জন্য প্রধানমন্ত্রী দায়ী।

হাছান মাহমুদ বলেন, বন্যার্তদের অবস্থা দেখে প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেছেন। দলীয় নেতাদের ত্রাণ তৎপরতায় উৎসাহ দিয়েছেন। তবে স্বস্তির কথা হলো আজ সিলেটে বৃষ্টি হয়নি। বন্যা পরিস্থিতি আগের তুলনায় উন্নিত হয়েছে। কোনো কোনো স্থানে ৪ থেকে ৫ ফুট পানি নেমে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.