গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে বরিশাল, খুলনা ও নারায়ণগঞ্জে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বরিশালে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এবং খুলনায় হামলা চালিয়ে মহানগর বিএনপির মঞ্চ ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়াও গত বুধবার রাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও আশেপাশের দোকানপাট ভাংচুর করেছে।
রিজভী আরও বলেন,‘বিএনপির ডাকা দেশব্যাপী মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা একযোগে বর্বর আক্রমণ চালিয়েছে। দেশের বিভিন্ন মহানগরে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলী হায়দার বাবুলসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে আগামীকাল শুক্রবার সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

