রেলমন্ত্রীর আত্মীয় কাণ্ড: কর্মস্থলে ফিরেছেন টিটিই শফিকুল

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর কর্মস্থলে ফিরেছেন পাকশী রেল বিভাগের টিটিই শফিকুল ইসলাম।

পুনর্বহালের অফিস আদেশের খবর পেয়ে সোমবার (৯ মে) সকাল থেকে ঈশ্বরদী রেল জংশনের অফিসে উপস্থিত হন তিনি।

শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন এসআরআইটি (সিনিয়র ইন্সপেক্টর অব ট্রেইন) বরকতুল্লাহ আলামিনকে ডিআরএম অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডার (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) দেয়া হয়েছে। তার নির্দেশনায় সোমবার সকালে অফিসে উপস্থিত হয়েছেন তিনি। যোগদানের আবেদন পত্র জমা দিয়েছি। কর্তৃপক্ষ শিডিউল দিলে ডিউটি শুরু করবো।

তিনি জানান, ডিআরএম শহীদুল ইসলাম রবিবার দুপুর ১২টায় গণমাধ্যমের কাছে আমাকে পুনর্বহালের ঘোষণা দেন। এছাড়া কাজে যোগ দেওয়ার কন্ট্রোল অর্ডার নম্বরটিও ঊর্ধ্বতন কর্মকর্তা মৌখিকভাবে জানিয়েছেন। তাই কর্মস্থলে উপস্থিত হয়েছি।

এর আগে রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামকে রবিবার (৮ মে) দায়িত্বে পুনর্বহাল করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিআরএম) শাহীদুল ইসলাম আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন কার্যদিবসের জায়গায় পাঁচ কার্যদিবস করা হয়েছে।

পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে (৫ মে) টিকেট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলপথমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী তিন যাত্রী। টিকেট না থাকায় রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) তাদের জরিমানা করেন। পরে অসদাচারণের অভিযোগ এনে রেলপথমন্ত্রীর স্ত্রী শাম্মী আখতার মনির নির্দেশে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার মুখে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পুণর্বহাল করে রেলওয়ে কর্তৃপক্ষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.