সেই আতশবাজি কারখানায় মালিক গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলের অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানাটির মালিককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির নাম বোরহান উদ্দিন (৫০)।

২০ এপ্রিল ভোরে নান্দাইলের চণ্ডিপাশা এলাকায় ওই কারখানায় আতশবাজি তৈরীর সময় বারুদ ও রাসায়নিক দ্রব্য হঠাৎ বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫)।

পরদিন কারখানার মালিক বোরহান উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং হত্যা মামলা করা হয়।

আসামিকে গ্রেফতারের পর শনিবার এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরবলেন, বোরহান ১৫ থেকে ২০ বছর ধরে সেই কারখানায় অবৈধভাবে আতশবাজি তৈরি করে আসছিলেন।

৫০ শ্রমিকের ওই কারখানায় ছোট ছোট চকলেট বাজি, তারাবাজি, পটকা ইত্যাদি তৈরি করা হত। তা স্থানীয় বিভিন্ন বাজার ও আশেপাশের এলাকার বিভিন্ন দোকানে বিক্রি হত।

মুক্তা ধর বলেন, ঘটনার দিন ভোরে আতশবাজি তৈরির সময় দুজন নারী শ্রমিক আতশবাজির প্রচণ্ড বিস্ফোরণে মারা যান।

বোরহান জানিয়েছেন তিনি ঢাকার চকবাজার থেকে আতশবাজি তৈরির জন্য কাঁচামাল কিনতেন। তার বিরুদ্ধে ২০১৯ সালে নান্দাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল বলে জানায় সিআইডি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.