সিরাজগঞ্জ পৌর এলাকায় ছেলের লাঠির আঘাতে মা আঞ্জুয়ারা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা শাহ-জামাল।
গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এই ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে ছেলে আরিফকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানায় পরিদর্শক সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সুমন কুমার দাস জানান, ধানবান্ধি এলাকার আরিফ (২৮) একজন মানসিক প্রতিবন্ধি। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার বাবা ও মায়ের ওপর বাঁশের লাঠি দিয়ে উপুর্যুপরি আঘাত করে। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম মারা যান। বাবা শাহ জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানাস্তর করা হয়েছে।

